গাজীপুরের শ্রীপুরে তিব্বত গ্রুপের রিদিশা রিদিশা নিট কম্পোজিট কারখানায় নতুন ভবনের নির্মাণ কাজ করার সময় সাটারিং জগ পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুই শ্রমিক আহত হয়েছে। শনিবার (২০আগস্ট) বিকেল আনুমানিক ৩ টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর এলাকার ওই কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত আহাদ আলী (৬০) নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নানিয়া গ্রামের বাসিন্দা। আহত আশরাফুল আলম ময়মনসিংহের তারাকান্দা উপজেলার হাড়িয়াঘাট গ্রামের বাসিন্দা এবং ফিরোজ মিয়া নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার গারার নান্দা গ্রামের বাসিন্দা। আহত দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রিদিশা নিট কম্পোজিট কারখানা কারখানার প্রশাসন ব্যবস্থাপক (এডমিন ম্যানেজার) জসিম উদ্দিন জানান, কারখানার অভ্যন্তরে নতুন ভবন নির্মাণের কাজ চলছে। ওই ভবন নির্মান কাজে নিহত আহাদ আলীসহ অরো দুইজন নির্মাণ শ্রমিক কাজ করছিল। নির্মাণ কাজে ব্যবহৃত সাটারিংজগ হঠাৎ করে টিনের ছাপড়ার উপড় পড়ে গেলে ছাপড়ার নীচে থাকা আহাদ আলী, আশরাফুল আলম এবং ফিরোজ মিয়া আহত হয়। কারখানা কর্তৃপক্ষ গোপনে তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টায় আহাদ আলী নিহত হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এটি একটি দুর্ঘটনা। নিহতের আহাদ আলীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ বিনা ময়না তদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।